অক্টোবর ও নভেম্বর মাসে দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে কোনও ঘাটতি হবে না। চাহিদা অনুযায়ী এ দুই মাসে মোট ১৯ কার্গো এলএনজি আমদানি নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে অক্টোবরে ১০ কার্গো এবং নভেম্বরে ৯ কার্গো এলএনজি দেশে আসবে। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা)চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বাসস।
পেট্রোবাংলার চেয়ারম্যান জানান, অক্টোবর ও নভেম্বর মাসে এলএনজিবাহী কার্গো নিয়ে কোনও সমস্যা নেই। এলএনজি থেকে জাতীয় গ্রিডে সরবরাহ করা গ্যাস নিয়েও কোনও সমস্যা হবে না। এলএনজি থেকে গ্যাস সরবরাহে কোনও ধরনের ঘাটতি যাতে না হয়, সেজন্য ধারাবাহিকভাবে প্রতি মাসে পরবর্তী তিন মাসের জন্য প্রয়োজনীয় এলএনজি সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
জানা গেছে, বিভিন্ন উৎস থেকে চাহিদা অনুযায়ী এলএনজি সংগ্রহ করা হচ্ছে। নির্ধারিত সময়ে এসব কার্গো দেশে আসবে। পরে তা জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ করা হবে। আরপিজিসিএলের তথ্য অনুযায়ী, প্রতিটি কার্গোতে প্রায় ৩২ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি থাকে। সে হিসাবে অক্টোবর ও নভেম্বরের ১৯ কার্গোতে মোট প্রায় ৬ কোটি ৮ লাখ এমএমবিটিইউ এলএনজি আমদানি নিশ্চিত হয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে