দেশে
এলপিজির সরবরাহে কোনও ঘাটতি নেই এখন। তাই
এ গ্যাসের কৃত্রিম সংকট
তৈরি করে দেশের কোথাও অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে কিনা, সেটা খতিয়ে দেখতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার
(৩০ সেপ্টেম্বর) সচিবালয় থেকে জেলা প্রশাসকদের সঙ্গে অনলাইন
বৈঠকে এ নির্দেশ দেন
বিদ্যুৎ,
জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী
ইকবাল হাসান মাহমুদ। তিনি জানান, ডিসিদের
কাছ থেকে তথ্য পাওয়ার পর আমদানিকারক ও
সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কিছু এলাকায় কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে এলপিজি বিক্রি করা হতে পারে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরবরাহ স্বাভাবিক থাকার পরও কেন সংকটের কথা শোনা যাচ্ছে এবং কেন অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে, সেটা খতিয়ে দেখে তথ্য ও প্রমাণসহ প্রতিবেদন পাঠাতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। যেসব এলাকায় সরবরাহ কম পাওয়া যাবে, সেখানে সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
ইকবাল
হাসান মাহমুদ সতর্ক করে বলেন, কৃত্রিম সংকট তৈরি করা হলে কিংবা বিইআরসি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এলপিজির সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিসিদের আরও সজাগ ও সতর্ক থাকতে
বলেন মন্ত্রী।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে