দেশে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপনে ঘিরে সব নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবার কোনো ঝুঁকির তথ্য নেই। উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকায় সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এবছর দেশে পূজামণ্ডপের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ৮শ’ ৫১টিতে দাঁড়িয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এবার পূজামন্ডপের সংখ্যা গতবারের চেয়ে প্রায় দেড় হাজার বেশি। এর আগের বছর মণ্ডপের সংখ্যা ছিল ৩২ হাজার ৩৫১টি। তার আগের বছরগুলোতে ছিল প্রায় ২৮ হাজার। জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি সংস্থার ওপর নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠুভাবে পূজা উদযাপনের দায়িত্ব অর্পণ করা হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী জানান, এখন পর্যন্ত দেশের কোনো মণ্ডপকেই বিশেষ ঝুঁকিপূর্ণ বা উচ্চ-ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেনি গোয়েন্দা সংস্থাগুলো। তবে পুরো উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবে এবং কোনো হুমকি দেখা দিলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে