মৃত ৫ ব্যক্তির নামে মামলা করে আলোচনায় এসিল্যান্ড আকাশ

সম্রাট হোসাইন, পঞ্চগড়
০১ অক্টোবর ২০২৬


 

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়  মৃত ৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা করে  আলোচনায় এসেছেন তেঁতুলিয়া উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ ও ভজনপুর ইউনিয়নের ভূমি সহকারি কর্মকর্তা মানিক চন্দ্র বর্মন। অবৈধভাবে পাথর-বালি উত্তোলনের  ঘটনায় তাদের নামে এ মামলা করা হয়েছে।

জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের পোহাতুগছ এলাকায় অবৈধভাবে পাথর-বালি উত্তোলনের খবর পেয়ে সেখানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ। সেখান থেকে তিনটি মেশিন জব্দ করেন তিনি। এ ঘটনায় ২২ জনকে আসামী করে খনি ও খনিজ সম্পদ ১৯৯২ এর ৫ ধারায় একটি মামলা করা হয়। মামলায় বাদি করা হয়  ভজনপুর ইউনিয়নের ভূমি সহকারি কর্মকর্তা মানিক চন্দ্র বর্মনকে৷

স্থানীয়দের ভাষ্য, বালি-পাথর উত্তোলনের সঙ্গে প্রকৃত জড়িতদের আসামি  না করে  মামলায় কয়েক দশক আগে মারা যাওয়া ৫ ব্যক্তিকে আসামি করা হয়েছে।  সেই মামলায় ১নং আসামি কাউরগছ এলাকার ফয়জুল হক (ফজলু মেম্বার নামে পরিচিত) প্রায় ৩০-৩৫ বছর আগে মারা গেছেন৷  ২ নং আসামি মহর আলী প্রায় ৪০-৪৫ বছর আগে মারা গেছেন৷ এই দুই আসামি সম্পর্দে নাতি ও দাদা।  মামলার ৫নং আসাসি মহামু্দ্দিনও মারা গেছেন অনেক আগে৷  ১০নং আসামি রমজান আলী এবং ১৪ নম্বর আসামি মজিবর রহমানও মারা গেছে বলে জানায় তার স্বজ্বন ও স্থানীয়রা৷

 

মামলার বাদি ও ভজনপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারি কর্মকর্তা মানিক চন্দ্র রায় জানান,  ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী জমির হোল্ডিং দেখে মামলাটি করা হয়েছে। একটু ভুল বোঝাবুঝি হয়েছে। মামলা প্রত্যাহারের জন্য আবেদন করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

তেঁতুলিয়া উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) এস. এম আকাশ বলেন, মামলা করা হয়েছে। মামলা চলমান, পুলিশ তদন্ত করে রিপোর্ট দিবে৷ মামলায় কিছু ত্রুটি হয়েছে,এটা প্রত্যাহারের জন্য বলছি। রিপোর্ট দিলে পরে ওইভাবে মামলার ব্যবস্থা করা হবে৷

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসাইন বলেন, এটা দেখতেছি কিভাবে এটা সংশোধন করা যায়।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর