দেশের
বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসের ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে মানুষের মধ্যে। এমন পরিস্থিতিতে অপরাধীদের
বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর
চলমান অভিযান আরো জোরদার করা হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীকে
অপরাধী হিসেবেই দেখা হচ্ছে।
অপরাধীদের
বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর
চলমান অভিযান আরো জোরদার করার ও অপরাধীকে অপরাধী হিসেবেই দেখার বিষয়টি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ। বুধবার (৩০ সেপ্টেম্বর)
ঢাকায় সচিবালয়ে
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
দেশের
বিভিন্ন স্থানে জমি ও বাড়ি দখল,
হামলা এবং চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ৩৮
জন বিশিষ্ট নাগরিক। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
বিবৃতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজদের তালিকা করা পুলিশের নিয়মিত কাজ। সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের তথ্য পুলিশের কাছে থাকে। প্রয়োজন অনুযায়ী সেটা হালনাগাদ করা হয়। নতুন করে আলাদা তালিকা তৈরির বিষয় নয়, অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান আগেও চলেছে, এখনো চলছে। সামনে অভিযান আরো জোরদার করা হবে।
রাজনৈতিক প্রভাবে দখল ও চাঁদাবাজি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, কারো রাজনৈতিক পরিচয় দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যে কোনো অভিযোগ নিরপেক্ষভাবে যাচাই করছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে মামলা ও গ্রেফতারের মতো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচ্ছিন্ন একটি বা দুটি ঘটনা দিয়ে দেশের সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে