নড়াইল সদর উপজেলায় ৭ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। ভুক্তভোগীর মা শিশুটির চাচার নামে এমন অভিযোগ এনে থানায় ধর্ষণ মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সদর উপজেলার একটি গ্রামের বাসিন্দা ওই নারী গত শনিবার (৩ অক্টোবর) সকালে তার ৭ বছরের মেয়েকে বাড়িতে রেখে অসুস্থ বড় মেয়েকে নিয়ে নড়াইল জেনারেল হাসপাতালে যান। একই সময়ে শিশুটির বাবা রাজমিস্ত্রির কাজে বাড়ির বাইরে ছিলেন।
ওইদিন বেলা ৩টার দিকে হাসপাতাল থেকে বাড়ি ফিরে তিনি দেখতে পান- তার ছোট মেয়ে ঘরের ভেতর অন্ধকারে ঘুমিয়ে আছে। পরে রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় শিশুটি তার মাকে জানায়, শনিবার সকালে তার চাচা তার সঙ্গে খারাপ কাজ করেছে। বিষয়টি জানতে পারার পর ভুক্তভোগীর মা রাতেই নড়াইল সদর থানায় গিয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন।
সদর থানার ওসি রাসেল সরোয়ার বলেন, ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে