সন্দ্বীপে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

শাহাদাত হোসেন, সন্দ্বীপ (চট্টগ্রাম)
০৪ অক্টোবর ২০২৬


চট্টগ্রামের সন্দ্বীপে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। রোববার (৪ অক্টোবর) এনাম নাহার মোড়ের একটি হোটেলে এ সংবাদ সম্মেলন করেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর রাতে নিড বাংলাদেশ এলাকায় একটি ঘটনা ঘটে। ওই ঘটনায় করা একটি মামলায় প্রথমে ৯ জন এবং পরবর্তীতে ৮ জনকে আসামি করা হয়েছে। এসব ব্যক্তি ওই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজনৈতিকভাবে হয়রানি ও ষড়যন্ত্রের উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে এ মামলা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি মামলা থেকে নির্দোষ ব্যক্তিদের নাম বাদ দেওয়ার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্র ও যুবনেতা তসলিম উদ্দিন, হারামিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আহমেদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক কাউছার ও ইউছুপ, সাংগঠনিক সম্পাদক আফছার উদ্দিন, দপ্তর সম্পাদক শওকত আকবর, সহদপ্তর সম্পাদক মাইনউদ্দীন ফয়সাল, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মাওলা, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম উদ্দিন, মুছাপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. ফারুক হোসেন, হারামিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শামীম আফগানী ও যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর