ককটেল বিস্ফোরণসহ সহিংসতার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা নেই

নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২৬


রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণসহ সহিংসতার ঘটনায় গোয়েন্দা সংস্থার কোনো ব্যর্থতা নেই। পুলিশ তাদের আইন বিধি মোতাবেক দায়িত্ব পালন করছে বলেই সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছে।

সোমবার (২১ আগস্ট)  ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে জোর গলায় এসব কথা বলেছেন ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়,  কমলাপুর রেলওয়ে স্টেশনে দুটি ককটেল বিস্ফোরণের  ঘটনার পরপরই রেলওয়ে কর্মকর্তা, রেলওয়ে পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে গোপন তথ্য গোয়েন্দা বিশ্লেষণের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়। এদের একজন রেলওয়ের ইলেকট্রিশিয়ান এবং নিষিদ্ধ  ছাত্রলীগের সাবেক থানা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন রায়হান এবং অপরজন যুবলীগ কর্মী মোহাম্মদ সানমুন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়,  জনগণের মধ্যে ভীতি সঞ্চার করা এবং নিজেদের উপস্থিতি জানান দেওয়ার উদ্দেশ্যেই এই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছিল। ঘটনায়  ঢাকা রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইন বিস্ফোরক আইনে একটি মামলা  হয়েছে।

দুষ্কৃতকারীরা সুনির্দিষ্ট কৌশল অবলম্বন করে অপরাধ করে থাকে উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা জানান, ঢাকা একটি মেগা সিটি হওয়ায় নিয়মিত সভা-সমাবেশ, মিছিল রাজনৈতিক আন্দোলন সামলানোর পাশাপাশি নিষিদ্ধ  সংগঠনগুলোর তৎপরতার ওপর পুলিশকে প্রতিনিয়ত নজর রাখতে হয়।  পুলিশ একদিকে যেমন প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে, অন্যদিকে ঘটনা ঘটার পরও দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর