পঞ্চগড়ের বোদা উপজেলায় পানিডুবি বাজারে মানববন্ধন করেছেন ফুলতলা পানিডুবি দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। মাদ্রাসার জমি দখল চেষ্টার প্রতিবাদে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মানববন্ধন করেন তারা।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার লাভলী বেগম বলেন, গত শনিবার স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ময়জউদ্দিন মাদ্রাসার জমিতে বালু ফেলে দখলের চেষ্টা করেন। একই সঙ্গে মাদ্রাসার দোকানে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। মাদ্রাসাটির সভাপতি ফরহাদ হোসেন বলেন, জমি উদ্ধার, বন্ধ করে দেওয়া দোকানগুলো খুলে দেওয়া এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি ময়জউদ্দিন বলেন, দলের কোন প্রভাব খাটিয়ে কোনো জমি দখল করা হয়নি। জমিটি আমাদের। গত শনিবার জমিটা আমরা দখল করছি৷
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, মাদরাসার পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি দেখতে সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমি কর্মকর্তাকে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরই ঘটনাটি পরিষ্কার হবে।
বিডি২৪অনলাইন/সি/এমকে