নড়াইলের
লোহাগড়া উপজেলায় আফসার শেখ (৬০) নামে এক বৃদ্ধ তার ছেলের হাতে খুন হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে
লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা
ঘটে।
আফসার শেখ ওই গ্রামের মৃত হোসেন শেখের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত খায়রুল পলাতক রয়েছে। সে মাদকাসক্ত বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে খায়রুল শেখের সঙ্গে তার বাবা আফসার শেখের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে খায়রুল বটি দিয়ে বাবাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই আফসার শেখের মৃত্যু হয়।
আফসার শেখের বড় পুত্রবধূ জানান, খায়রুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায় দুই বছর আগে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় বাবার সঙ্গে তার বিরোধ ও মারধরের ঘটনা ঘটেছে। এ নিয়ে একাধিকবার পারিবারিক ও গ্রাম্য সালিশ হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টাও করা হয়েছে। এমনকি আগের মারামারির ঘটনায় পুলিশ ঘটনাস্থলে এসে খায়রুলকে সতর্ক করে এবং বাবার সঙ্গে আর কোনো ধরনের মারামারি বা সহিংসতায় না জড়ানোর জন্য সাবধান করে দেয়। এরপরও তার আচরণের পরিবর্তন হয়নি ।
নড়াইলের
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান বলেন, মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন হয়েছেন। এ ধরনের খবর
পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। এ ঘটনার সঙ্গে
জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।
উল্লেখ্য, বয়রা গ্রামে মাত্র এক দিনের ব্যবধানে এটি দ্বিতীয় হত্যাকাণ্ডের ঘটনা। গত বুধবার (৪ নভেম্বর) একই গ্রামে সুপারি গাছের চারা লাগানোকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক চাচাতো ভাইয়ের হাতে আরেক চাচাতো ভাই খুন হন।
বিডি২৪অনলাইন/সি/এমকে