নেত্রকোণার সীমান্তবর্তী দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার বিভিন্ন এলাকা থেকে ভারতীয় কম্বল, থামি কাপড় ও কয়লাসহ আনুমানিক ২ লাখ ৮০ হাজার ৭০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। চোরাই পথে এসব পণ্য এক দেশ থেকে অন্য দেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো।
সোমবার (২ নভেম্বর) নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তৌহিদুল বারী বাংলাদেশ টুয়েন্টিফোর অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেন।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- ৪৪ পিস ভারতীয় কম্বল, ২৩ পিস থামি কাপড়, ৪৮০ কেজি ভারতীয় কয়লা ও ২৫০ কেজি বাংলাদেশি রসুন।
বিজিবি জানায়, বিজয়পুর, মহিষখোলা ও লেংগুড়া বিওপির টহল দল পৃথক ছয়টি অভিযান পরিচালনা করে। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব পণ্য জব্দ করা হয়। বিজিবির অভিযানের খবর পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে আগেই পালিয়ে যায়।
৩১ বিজিবির অধিনায়ক জানান, এসব মালামাল নেত্রকোণা কাস্টমস কার্যালয়ে জমা দেওয়া হবে।
বিডি২৪অনলাইন/সি/এমকে