পাবনার
ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস উদ্যাপনের জন্য বিভিন্ন যুব সমিতির কাছ থেকে চাঁদা আদায় করা হয়েছে। এনিয়ে ভুক্তভোগীদের
মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
সংশ্লিষ্ট সমিতির সদস্যরা জানান, প্রত্যেক সমিতির কাছ থেকে এক হাজার টাকা হারে চাঁদা নেওয়া হয়। সেই টাকায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। সরকারি উদ্যোগে জাতীয় দিবস পালনে সমিতিগুলোর কাছ থেকে এভাবে অর্থ আদায়ের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।
সমিতির সদস্যদের দাবি, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হলেও জাতীয় দিবস উদ্যাপনের ব্যয়ভার সমিতির সদস্যদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এভাবে টাকা আদায় আইসিদ্ধ কিনা, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামীম আহমেদ বলেন, ‘আমি কোনো টাকা-পয়সা নিইনি, ওরা নিয়েছে।’‘ওরা কারা’ জানতে চাইলে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু না বলে অফিসে গিয়ে কথা বলার পরামর্শ দেন। এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ ঘটনায় কারা টাকা সংগ্রহ করেছেন এবং কীভাবে সেই অর্থ ব্যয় করা হয়েছে, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে