১৭৭ পোশাক কারখানায় ছুটি

নিজস্ব প্রতিবেদক
০১ নভেম্বর ২০২৬


শিল্পাঞ্চল সাভার-আশুলিয়া এলাকায় অন্তত ১৭৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে  পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে এই ঘোষণা দেওয়া হয়েছে। রোববার (১ নভেম্বর) আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, ওই এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা সকাল থেকে কর্মবিরতিতে যান।  এরপরে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন তারা।  পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে পুলিশ।

জানা যায়, আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আল-মুসলিম, টাউজার লাইন ও নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কর্মবিরতি পালন শুরু করেন। পরে তারা কারখানা থেকে বের হয়ে সড়কে অবস্থান নেন।  তাদের সঙ্গে সংহতি জানিয়ে অন্যান্য পোশাক কারখানার শ্রমিকরাও আন্দোলনে যোগ দেন।

ওদিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এ সময় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাস স্ট্যান্ডে জড়ো হয়ে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। পরে বিকেল ৫টার দিকে পুলিশ পোশাক শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা, শ্রমিকদের কালো তালিকাভুক্তকরণ বন্ধ ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে রাস্তায় নেমেছেন তারা।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর