সরকারি প্রকল্পে দুর্নীতি ও অনিয়মে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি প্রকল্পে কোনো ধরনের পুকুরচুরি বা দুর্নীতি মেনে নেবে না সরকার।
রোববার (১ নভেম্বর) বগুড়ায় করতোয়া নদীর তীর সংরক্ষণ ও পুনঃখননকাজ প্রকল্প এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সেসব অভিযোগ তদন্তের আওতায় আনা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন পর্যায়ে তদারকির ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলায় জেলায় জেলা প্রশাসকের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল, স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে পৃথক দল এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। এসব দল সরেজমিনে প্রকল্পের কাজ তদারকি করছে। প্রতি মাসে প্রকল্পের অগ্রগতির প্রতিবেদন প্রধানমন্ত্রীকে দিতে হচ্ছে বলেও জানান তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে