নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বুকে টেঁটাবিদ্ধ হয়ে সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে পোগলা ইউনিয়নের খাতে সালেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। সাদ্দাম হোসেন ওই গ্রামের আবদুল হাসিমের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খাতে সালেঙ্গা গ্রামে দুটি পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার রাতে সেই বিরোধ চূড়ান্ত সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্রের মহড়া ও হামলায় সাদ্দাম হোসেনের বুকে টেঁটা বিদ্ধ হয়।
গুরুতর অবস্থায় তাকে এবং আহত অন্যদের উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদ্দাম হোসেনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত অপর তিন যুবক হলেন- একই গ্রামের হারিস মিয়ার ছেলে মো. দুরবীন মিয়া (৩৬), শফিকুলের ছেলে মো. আজহার (২২) এবং কাশেমের ছেলে মো. হাদিস (৩০)। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা নিহত যুবকের পরিবারের বরাত দিয়ে বলেন, যাদের পক্ষের লোক মারা গেছে, তাদের অভিযোগ হলো- প্রতিপক্ষ এলাকার বিভিন্ন চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিল। নিহত সাদ্দাম ও তার পক্ষের লোকজন এসব অপকর্মের তীব্র প্রতিবাদ করেছিলেন। মূলত এই প্রতিবাদের জের ধরেই প্রতিপক্ষের সঙ্গে তাদের বিরোধের সূত্রপাত হয় এবং শেষ পর্যন্ত এই হামলার ঘটনা ঘটে।
ওসি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থলে পাঠানো হয়। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা বলেন, এ ঘটনায় এলাকার জনসাধারণের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে