পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর ২০২৬

  

দেশের জন্য আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এ কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের সততা, কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের ওপরই সরকারের ভাবমূর্তি নির্ভর করে।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট এবং ৪৩তম ক্যাডেট এসআইদের ৬ মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান।

 

নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, জনগণ দিনশেষে পুলিশের কাছেই ন্যায়বিচারের প্রত্যাশা করে। দেশ ও জনগণের সেবা এবং শৃঙ্খলা রক্ষায় অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও পবিত্রতার সঙ্গে পালনের জন্য তাদের প্রতি আহ্বান জানান তিনি।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে-সঙ্গে অপরাধের ধরণ ও কৌশল বদলেছে। সেজন্য সরকার ফরেনসিক ও কেমিক্যাল ল্যাবের সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তি সংযোজন এবং দেশে-বিদেশে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করছে। পুলিশের অভ্যন্তরীণ দক্ষতা বাড়াতে  চীনসহ বিশ্বের উন্নত বিভিন্ন দেশে বিশেষায়িত প্রশিক্ষণে পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর আধুনিকায়ন ও লজিস্টিক সহায়তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো অর্থ বরাদ্দ ঝুলে থাকবে না বলেও জানান তিনি।

 


মন্তব্য
জেলার খবর