আওয়ামী
লীগের সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, কেউ দেশে এলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। যার সন্তানই হোক, সংসদ সদস্যের সন্তান হলেও তাকে অভিযুক্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডে নিয়ে আসা হয়েছে। কাউকে ছাড় দেওয়া হয় নাই।
স্বরাষ্ট্রমন্ত্রী মনে করছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চাইলেও দেশের জনগণ তা গ্রহণ করবে না। তার হিসাবে আওয়ামী লীগ কোনোদিন রাজনৈতিক দল ছিল না। তাদের ডিএনএর মধ্যে কোনো গণতন্ত্রের বীজ ছিল না। তারা একটা স্বৈরতান্ত্রিক একটি মাফিয়া শক্তি ছিল। অরাজনৈতিক শক্তি হিসেবে তারা নিজেদেরকে প্রমাণিত করেছে।
গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের হিসাব মতে, যারা দেশে ১৪০০ এর বেশি মানুষকে হত্যা করেছে। সরকারের হিসাব অনুযায়ী, এ সংখ্যা ২ হাজারের বেশি। যারা গণহত্যা চালিয়েছে, ম্যাসাকার করেছে, এদেশের নিরীহ জনগণকে তারা হত্যা করেছে। তারা এখনো পর্যন্ত ক্ষমা প্রার্থনা করেনি। তারা দুঃখ প্রকাশ করেনি। গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাকে জঙ্গিবাদী হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেছিল তারা। এ পরিস্থিতিতে দলটি আবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করতে চাইলে জনগণ তা মেনে নেবে না।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে