পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে নতুন কর্মকর্তা নিয়োগের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা শুরু হয়েছে। পুলিশের শীর্ষ এই পদের জন্য চার জ্যেষ্ঠ কর্মকর্তার নাম আলোচনায় রয়েছে। ‘সরকার অনুমতি দিলে প্রয়োজনে পুলিশ ক্রসফায়ারে যেতে দ্বিধাবোধ করবে না।– বর্তমান আইজিপির মো. আলী হোসেন ফকির এমন বক্তব্য দেওয়ার পরই নতুন আইজিপি নিয়োগের বিষয়ে আলোচনা শুরু হয়।
প্রাপ্ত তথ্যমতে, আলোচনায় থাকা জ্যেষ্ঠ ওই চার কর্মকর্তার ব্যক্তিগত ও পেশাগত তথ্য সংবলিত নথি (ফাইল) তলব করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। তারা সবাই ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। এরা হলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসেন এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবিব পলাশ এবং ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। এদের মধ্যে প্রথম তিনজন আওয়ামী লীগ সরকারের সময় পদোন্নতিসহ বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। পেশাদারিত্ব বিবেচনায় মোসলেহ উদ্দিন আহমদ আলোচনায় রয়েছেন।
জাপান
সফর শেষে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে বৃহস্পতিবার । তিনি ফেরার
পর আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আভাস পাওয়া গেছে। তবে নতুন আইজিপি নিয়োগ সম্পূর্ণভাবে সরকারপ্রধানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানা গেছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে