স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বর্তমান বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না, নিরপেক্ষ ভূমিকা পালন করবে সরকার।
বুধবার (২৮ অক্টোবর) রাজধানী ঢাকার বনানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলোও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন করা হবে। জনগণ যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে সরকার সচেষ্ট থাকবে।
বিএনপি সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায় না উল্লেখ করে তিনি বলেন, জনগণ যেন স্বাধীনভাবে নিজেদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে