বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে আবারও সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় এবং প্রশাসন তার প্রতিশ্রুতি পূরণ না করায় এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) গণমাধ্যমে এ বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছে সংগঠন দুটি। বিবৃতিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজার কারণে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত রাখা হয়েছিল। এ সময়ের মধ্যেও দাবি বাস্তবায়ন না হওয়ায় আবারও কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে।
এর আগে, গত ১১ অক্টোবর থেকে সাজেক পর্যটন সড়কে নিজেদের দাবি আদায়ে অনির্দিষ্টকালের অবরোধ শুরু করে সংগঠন দুটি। সেদিন প্রশাসনের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ওই তিন দফা দাবি পূরণের আশ্বাস দেওয়া হয় আন্দোলনকারীদের। পরে শর্তসাপেক্ষে অবরোধ স্থগিত করা হলেও প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, জেএসএসের সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা এখনো আগের অবস্থানে রয়েছেন। শতাধিক সাধারণ মানুষকে মৃত্যুর হুমকি ও ভয়ভীতি দেখিয়ে বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছে। নিরাপত্তাহীনতার কারণে জুমচাষীরা নিজেদের জমিতে হলুদ ও ঝাড়ুফুলের বাগান পরিষ্কার করতে যেতে পারছেন না।
এদিকে
সাজেকে অবস্থানরত পর্যটকদের বুধবার (২১ অক্টোবর)-এর
মধ্যেই পর্যটন এলাকা ত্যাগ করার অনুরোধ জানিয়েছে সংগঠন দুটি। বিবৃতিতে বলা হয়েছে, অবরোধ চলাকালে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ি,
জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন, সংবাদপত্র বহনকারী যান এবং সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।
বিডি২৪অনলাইন/সি/এমকে