মানুষের মাঝে সৌর বিদ্যুৎ স্থাপনে ব্যাপক আগ্রহ

নিজস্ব প্রতিবেদক
২১ অক্টোবর ২০২৬


দেশে  সাধারণ মানুষের মাঝে সৌর বিদ্যুৎ স্থাপন নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। আগামী গ্রীষ্মের আগেই এ খাত থেকে তিন-চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। মানুষের আগ্রহের কারণে সরকারিভাবে এ ব্যাপারে নীতি সহায়তা দেওয়া হচ্ছে । ফলে এ খাতে  তৈরি হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা এবং সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান।

বুধবার (২১ অক্টোবর সাংবাদিকদের এ কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত। রাজনৈতিক কার্যালয় হিসেবে যশোর জেলা বিএনপি অফিসে দেশের প্রথম সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপনের উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও জানান, পর্যায়ক্রমে সেচ পাম্পগুলোও  সৌরবিদ্যুৎ চালিত করা হবে। এতে ডিজেল ও বিদ্যুতের ওপর চাপ কমবে। কমে আসবে কৃষকের উৎপাদন ব্যয়।

যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌর প্যানেল স্থাপন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন,  প্রধানমন্ত্রীর নীতি অনুসরণ করে এখানে ৬ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে স্থাপন করা এ সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতে নিজেদের ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করারও ব্যবস্থা আছে। সব মিলিয়ে আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে এই সৌর প্যানেল স্থাপনের খরচ উঠে আসবে বলে মনে করছেন তিনি। পাশাপাশি এই উদ্যোগ দেখে অন্য রাজনৈতিক দলগুলোও তাদের দলীয় কার্যালয়ে সৌর প্যানেল স্থাপনে আগ্রহী হবে বলেও আশা প্রকাশ করেন  প্রতিমন্ত্রী।

 বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর