ড্রোন হামলায় সুদানে নিহত ১৬০

নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর ২০২৬


সাম্প্রতিক সুদানে একের পর এক ড্রোন হামলায় ১৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। দেশটিতে চলমান গৃহযুদ্ধের মধ্যে ড্রোন হামলার ব্যবহার বেড়ে গেছে। এতে বেসামরিক মানুষের প্রাণহানি বাড়ছে। খবর আলজাজিরা।

সবশেষ সোমবার খার্তুমে ড্রোন হামলায় তিন শিশু নিহত হয়েছে। এর আগে শুক্রবার থেকে দেশটির পশ্চিমাঞ্চলে হামলায় ১৬০ জনের বেশি মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলার জন্য আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এবং সরকারি বাহিনী- উভয়কেই দায়ী করা হচ্ছে। ৩ বছর আগে দুপক্ষের মধ্যে সংঘাত চলছে।

সাম্প্রতিক হামলাগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ঘটনাটি ঘটে পশ্চিম কোরদোফান রাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আল-দিবাব শহরে। আরএসএফের নিয়ন্ত্রণাধীন ওই এলাকায় একটি বাজারের কাছে রোববার পরিবহনকেন্দ্রে ড্রোন হামলা চালানো হয়। বাজার শেষে বাড়ি ফেরার জন্য যানবাহনের অপেক্ষায় থাকা গ্রামবাসীদের মধ্যে এ  হামলায় ৮০ জন নিহত হন। আহত ৪৭ জনকে কাছের আল-মুজলাদ শহরে নিয়ে যাওয়া হয়। পরে তাদের মধ্যে আরও ৩০ জন মারা যান।

আরএসএফের স্বঘোষিত প্রশাসন ‘তাসিস’ এবং ইমার্জেন্সি লইয়ার্স এ হামলার জন্য সুদানের সেনাবাহিনীকে দায়ী করেছে। এদিকে পূর্ব সুদানের গাদারেফ রাজ্যে আতবারা ও সেটিট বাঁধ লক্ষ্য করে আরএসএফের একাধিক ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। তারা জানায়, খার্তুম থেকে প্রায় ৪২০ কিলোমিটার পূর্বে এসব হামলা প্রতিহত করে বিমান প্রতিরক্ষাব্যবস্থা। এ বিষয়ে আরএসএফ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

 

বিডি২৪অনলাইন/আইডিএস/এমকে


মন্তব্য
জেলার খবর