সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে

নিজস্ব প্রতিবেদক
০৫ নভেম্বর ২০২৬

 

কোনো শ্রমিক নিজের কর্মস্থল ও জীবিকার ক্ষতি করতে পারেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে যারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারাই এখন সীমান্তের ওপার থেকে কলকাঠি নাড়ছে। সেই সঙ্গে  দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে এক পথসভায়  এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গত ৫০ বছরে দেশে গড়ে ওঠা শিল্পকারখানাগুলো বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস উল্লেখ করে তারেক রহমান বলেন, এসব শিল্পপ্রতিষ্ঠানে লাখ লাখ মা-বোন ও শ্রমজীবী মানুষ কাজ করেন। এই শিল্পকারখানাগুলো দেশের সম্পদ, মানুষের সম্পদ।

শ্রমিকদের মজুরি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘শ্রমিক ভাই-বোনদের  দাবিগুলো বিবেচনা ও পর্যালোচনার জন্য ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড কাজও শুরু করেছে।  আগামী এক থেকে দুই মাসের মধ্যে নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করা হবে, যাতে শ্রমিক ভাই-বোনেরা ভালো থাকতে পারেন।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর