জুলাই সনদ সংক্রান্ত রিপোর্ট ডিসেম্বর মধ্যে সংসদে পেশ করা হবে

নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর ২০২৬


জুলাই জাতীয় সনদের সুপারিশ সংবিধান সংশোধনী বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই যাবতীয় আলোচনা সম্পন্ন করে  চূড়ান্ত রিপোর্ট জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। সনদের মূল কাঠামোর বাইরে দেশ জাতীয় জীবনের জন্য গুরুত্বপূর্ণ যে কোনো পরিপূরক প্রস্তাব বা পরামর্শ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভা শেষে এসব কথা বলেন সালাউদ্দিন আহমদ।  তিনি জানান, জাতীয় ঐক্যমত কমিশন ইতোমধ্যে ছয়টি সংস্কার কমিশনের রিপোর্ট যাচাই-বাছাই দীর্ঘ আলোচনার পর জুলাই সনদ তৈরি করায়, নতুন করে সংস্কার কমিশনের পুরনো প্রস্তাব হুবহু নিয়ে এলে প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে। রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে, সে বিষয়গুলো তারা নিজ নিজ নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করে জনগণের ম্যান্ডেট লাভ করলে পরবর্তী সময়ে বাস্তবায়নের পূর্ণ সুযোগ পাবে।

জুলাই সনদে স্বাক্ষর না করা রাজনৈতিক দলগুলোর জন্য আলোচনার পথ এখনো উন্মুক্ত রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, নিবন্ধিত বা অনিবন্ধিত যে কোনো রাজনৈতিক দল  লিখিত মতামত বা প্রস্তাব পাঠালে কমিটি সেটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। প্রক্রিয়াটি দ্রুত শেষ করতে সংসদ সচিবালয় বিশেষ কমিটি প্রতি সপ্তাহে অন্তত একটি করে বৈঠকের আয়োজন করবে।

সালাউদ্দিন আহমদ বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ গঠন এবং ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়টি জুলাই সনদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এককেন্দ্রিক রাষ্ট্রব্যবস্থায় সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার অভিজ্ঞ গুণী মানুষদের রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করতেই মূলত বিএনপির ৩১ দফা দলের নির্বাচনী ইশতেহার থেকে এই ধারণাটি সনদে আনা হয়েছে। উচ্চকক্ষ গঠনের প্রক্রিয়া নির্বাচনে প্রাপ্ত আসনের অনুপাতে হবে নাকি মোট প্রদত্ত ভোটের আনুপাতিক হারে হবে, সেটা নিয়ে দলগুলোর মধ্যে ভিন্নমত রয়েছে। সরকার মনে করে, উচ্চকক্ষ গঠিত হলেও সংবিধান সংশোধনের সুনির্দিষ্ট আইনগত এখতিয়ার নিম্নকক্ষের হাতেই সংরক্ষিত থাকবে।

 

বিডি ২৪ অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর