চট্রগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নের আদমখাঁ পাড়া এলাকায় রাস্তার সংস্কারকাজ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সংস্কারকাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকায় রাস্তার ওপর ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পাথর, কণা, বালি, রড, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী। এতে সড়কটিতে স্বাভাবিক যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়েছে। অনেক জায়গায় সরাসরি রাস্তার ওপর নির্মাণসামগ্রী থাকায় কোনো যানবাহনই স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার সংস্কারকাজ শুরু হওয়ায় তারা আশাবাদী ছিলেন যে, দ্রুত সড়কটি চলাচলের উপযোগী হয়ে উঠবে। কিন্তু কাজ বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে তাদের দুর্ভোগ আরও বেড়েছে। রাস্তার ওপর পড়ে থাকা পাথর, বালি ও অন্যান্য নির্মাণসামগ্রীর কারণে পথচারীদের পাশাপাশি মোটরসাইকেল, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। নিয়মিত ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে। বিশেষ করে মোটরসাইকেল চালক ও পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। সন্ধ্যার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে জানান তারা।
রাস্তার সংস্কারকাজ বন্ধ থাকার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আল আমিন জানান, বিল সংক্রান্ত সমস্যার কারণে বর্তমানে রাস্তার কাজ বন্ধ রয়েছে। অতি দ্রুত সময়ের মধ্যে পুনরায় কাজ শুরু করা হবে বলে জানান তিনি।
অন্যদিকে, রাস্তার কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে বলে জানিয়েছেন উপজেলা এলজিইডির (LGED) প্রকৌশলী সাইফুল ইসলাম। তিনি জানান, কাজের মানের বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে তাদের শাস্তির আওতায় এনে চিঠি দেওয়া হয়েছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে