ইউরোপীয় শোধনাগারগুলোতে অপরিশোধিত তেল সরবরাহ স্থগিত বা বাতিল করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো। সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন মেরামত করে পুনরায় তেল সরবরাহ স্বাভাবিক করতে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে। মূলত এ কারণেই বাধ্য হয়ে তেল সরবরাহ স্থগিত বা বাতিল করতে হয়েছে আরামকোকে। ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলায় এ পাইপলান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়েছে ইউরোপের কয়েকটি তেল শোধনাগারকে সৌদি আরব আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে- সেপ্টেম্বর মাসে নির্ধারিত তাদের কিছু চালান বাতিল করা হয়েছে। সার্বিক বিষয় নিয়ে ‘আরামকো’ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
এদিকে লন্ডনভিত্তিক বৈশ্বিক জ্বালানি সংক্রান্ত স্বাধীন তথ্য সরবরাহকারী সংস্থা আর্গাস মিডিয়া জানিয়েছে, ইউরোপের অন্তত তিনটি বড় তেল শোধনাগারের চালান সম্পূর্ণ বাতিল বা চলতি মাসের শেষ ১০ দিনের পরিবর্তে তা আগামী নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে। আরও অন্তত দুটি শোধনাগারকে কয়েক দিনের মধ্যে সেপ্টেম্বর মাসের চালান বিলম্ব বা বাতিলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হতে পারে ।
সেপ্টেম্বরের শেষ ১০ দিনে বোঝাই করার কথা থাকা সমস্ত সৌদি কার্গোই এখন বাতিলের ঝুঁকিতে রয়েছে। লোহিত সাগরের ইয়ানবু বন্দরে এখন আনুমানিক পাঁচ দিনের মেয়াদের সৌদি অপরিশোধিত তেলের মজুত রয়েছে।
রয়টার্সের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের লোহিত সাগর তীরবর্তী ইয়ানবু বন্দরে তেল বোঝাই বন্ধ হয়ে গেছে। ইউরোপে চালান স্থবিরতার মূল কারণ হিসেবে দিনে ৭০ লাখ ব্যারেল পরিবহন ক্ষমতাসম্পন্ন সৌদির প্রধান ইস্ট-ওয়েস্ট ক্রুড অয়েল পাইপলাইনে দীর্ঘস্থায়ী ক্ষতি ও অচলাবস্থাকে চিহ্নিত করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর এক সামরিক হামলার পর থেকে এই পাইপলাইনের কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।
এদিকে
সৌদি সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ায় বিকল্প ব্যবস্থার দিকে ঝুঁকছেন অনেক ইউরোপীয় ক্রেতা । পোল্যান্ডের রাষ্ট্রীয়
জ্বালানি প্রতিষ্ঠান ‘অরলেন’-এর মতো বড়
দীর্ঘমেয়াদী গ্রাহকেরা জরুরি চাহিদা মেটাতে ‘স্পট বাজার’ থেকে সরাসরি তেল কেনা বাড়িয়েছে বলে খবরে বলা হয়েছে।
বিডি২৪অনলাইন/আইডিএস/এমকে