অর্থসংকটের কারণে ফিলিস্তিনের গাজায় ২০টির বেশি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ডিজেল সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এতে গাজায় নতুন সংকট ও কঠিন পরিস্থিতির সৃষ্টি হবে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কাযকর হবে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ খবর প্রকাশ করেছে আলজাজিরা।
সামাজিক মাধ্যম এক্সে প্রকাশ করা এক ভিডিও বার্তায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক আল-বুরশ বলেন, বর্তমানে যে অল্প পরিমাণ জ্বালানি পাওয়া যাচ্ছে, তা দিয়েই সেখানকার স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো কোনোভাবে চালু রাখা হচ্ছে। ডিজেল সরবরাহ বন্ধ হলে শুধু হাসপাতালের জেনারেটর বন্ধ হওয়ার পাশাপাশি অপারেশন থিয়েটার ও নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) কার্যক্রমও বন্ধ হয়ে যাবে। কৃত্রিম শ্বাসযন্ত্র ও অক্সিজেন সরবরাহব্যবস্থা অচল হয়ে পড়বে। এতে ইনকিউবেটরে থাকা নবজাতক, ডায়ালাইসিস রোগী, আহত ব্যক্তি ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত মানুষের জীবন ঝুঁকির মুখে পড়বে । তাছাড়া জ্বালানি সরবরাহ বন্ধ হলে অ্যাম্বুলেন্স সেবাও ব্যাহত হবে। ওষুধ ও টিকার সংরক্ষণ ও সরবরাহের জন্য প্রয়োজনীয় শীতলীকরণ ব্যবস্থাও (এসি) অচল হয়ে পড়বে।
গাজার স্বাস্থ্যব্যবস্থাকে সংকটের মধ্যে ঠেলে দেওয়ার ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে হাসপাতালগুলোকে পুরোপুরি বন্ধ হওয়ার দিকে নেওয়া হচ্ছে বলেও মনে করছেন আল-বুরশ । জানান, এতে প্রতিরোধযোগ্য মৃত্যুর ঝুঁকি বাড়বে।
ডব্লিউএইচও, দাতা সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এ সিদ্ধান্তের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ কর্মকর্তা।
বিডি২৪অনলাইন/আইডিএস/এমকে