নেত্রকোণায় প্রতিবেশীর গরু গাছের চারা খেয়ে ফেলাকে কেন্দ্র করে মারপিটে তোতা মিয়া (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
তোতা
মিয়া জেলার মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের মৃত আসজ জামানের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান,
শনিবার
সন্ধ্যায় তোতা মিয়ার গরু, তার প্রতিবেশে রবি মিয়ার গাছের চারা খেয়ে ফেলে। এ নিয়ে দুজনের
মধ্যে দ্বন্দ্ব হয়। এক পর্যায়ে বাঁশ
দিয়ে তোতা মিয়ার মাথায় ও শরীরে আঘাত
করেন রবি মিয়া। এ সময় মাটিতে পড়ে গেলে রবি ওই বাঁশের সূচালো
অংশ তোতা মিয়ার বুকে ঢুকিয়ে দেন। গুরুতর আহত তোতা মিয়াকে উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় ও পরে ময়মনসিংহ
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় বাসিন্দা জুয়েল মিয়া বলেন, হাওর থেকে গরু নিয়ে বাড়িতে ফেরার পথে তোতা মিয়ার একটি গরু রবি মিয়ার চোকাইগাছের চারা খেয়ে ফেলে। এ নিয়ে তোতা মিয়া ও রবি মিয়ার মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে রবি মিয়া রাগ করে তোতা মিয়ার একটি পেঁপেগাছ কেটে ফেলেন। এর জেরে দুজনের মধ্যে তুমুল বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে রবি মিয়া তোতা মিয়াকে মারধর করেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। ঘটনার পর থেকেই রবি মিয়া পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে