প্রধানমন্ত্রী
তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী
হিসেবে যথাযথ মর্যাদা দিয়ে এখনো আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ভারতের সাথে আমাদের সুসম্পর্ক রাখা দরকার। কিন্তু এখন পর্যন্ত তারাও যে সুসম্পর্ক চায়,
তেমন কিছু দেখা যাচ্ছে না। দুই
দেশের কূটনৈতিক পর্যায়ে কথাবার্তা চালাচালি হচ্ছে মাত্র।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্পিকার। ভারত বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে হওয়া উচিত বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং সেখান থেকে রাজনীতি করার সুযোগ দেওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন স্পিকার। এ প্রসঙ্গে তিনি বলেন, এটি সৎ প্রতিবেশীসুলভ আচরণ নয়। বাংলাদেশ ভারতের সঙ্গে সৎ প্রতিবেশীসুলভ ও সমমর্যাদার সম্পর্ক চায়। দুই দেশের সম্পর্ক হতে হবে সার্বভৌম রাষ্ট্র হিসেবে পারস্পরিক মর্যাদার ভিত্তিতে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে