গ্রেপ্তার ও হয়রানি বন্ধে সেন্ট্রাল ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম থেকে পরোয়ানার সত্যতা যাচাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সার্কুলার ইস্যু করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের আইজিকে ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ এ মাওলা সোহেলের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রুল নিষ্পত্তি করে এ রায় দেন। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করা হয়েছিল ২০১৩ সালের ৩০ জানুয়ারি। সেই রুল নিষ্পত্তি করে এ রায় দেওয়া হয় সোমবার।
নিম্ন আদালতের সব বিচারকের কাছে এ নির্দেশনা পাঠাতে রায়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশনা দেওয়া হয়েছে এ রায়ে। যে কোনো নালিশি মামলা করার সময় বাদী ও আইনজীবীর পরিচয় নিশ্চিত করতে আইনজীবীর প্রফেশনাল কার্ড এবং বাদীর এনআইডির কপি মামলার সঙ্গে সংযুক্ত করে তাঁদের পরিচয় নিশ্চিত করার জন্য এ নির্দেশনা দেওয়া হয়।
রায়ে
বলা হয়েছে, ভুয়া
পরোয়ানার মাধ্যমে গ্রেপ্তার হলে একজন নাগরিকের মৌলিক ও সাংবিধানিক অধিকার
লঙ্ঘন হয়। তাই
যে কোনো নাগরিককে
গ্রেপ্তার করতে হলে ফৌজদারি কার্যবিধি অনুসরণ করতে হবে। আদালতের মাধ্যমে মানুষ যাতে হয়রানি না হয়, তাই
কোনো মামলা দায়ের ও গ্রেপ্তারের ক্ষেত্রে
সতর্কতা অবলম্বন অত্যন্ত প্রয়োজন। এটা না হলে নাগরিকের যে ক্ষতি হয়,
তা পূরণ করা সম্ভব হয় না বলেও রায়ে উল্লেখ করেন আদালত।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে