নগদ অর্থের ব্যবহার কমিয়ে নিরাপদ ও ডিজিটাল লেনদেনে সাধারণ মানুষকে উৎসাহিত করতে চট্টগ্রামের সন্দ্বীপে শিবেরহাট পূবালী ব্যাংকের উদ্যোগে তিন দিনব্যাপী ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন শুরু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ক্যাম্পেইনের প্রথম দিনে ব্যাংকের বিভিন্ন ডিজিটাল সেবা সম্পর্কে জানতে এবং ব্যবহারিক ধারণা নিতে গ্রাহকদের উপস্থিতি দেখা যায়।
ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন শিবেরহাট পূবালী ব্যাংকের ব্যবস্থাপক জামসেদ হোসেন। উপস্থিত ছিলেন ক্যাম্পেইনের প্রধান অতিথি পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও চট্টগ্রাম উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান এ.কে.এম মাসুদ, পূবালী ব্যাংক উত্তর অঞ্চলের সিনিয়র প্রিন্সিপাল অফিসার দিদারুল আলম এবং দুইজন এডিসি কর্মকর্তা, ব্যবসায়ী সমিতির নেতারা।
ক্যাম্পেইনে গ্রাহকদের নগদবিহীন লেনদেনের বিভিন্ন পদ্ধতি, ডিজিটাল ব্যাংকিং সেবার সুবিধা এবং নিরাপদ লেনদেনের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কে ধারণা দেওয়া হয়।
আয়োজকরা জানান, নগদ অর্থ বহনের ঝুঁকি কমানো, সময় সাশ্রয় এবং লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করতে ক্যাশলেস ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে ডিজিটাল লেনদেনের অভ্যাস গড়ে তুলতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে