নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

প্রিন্স আল মাহমুদ, নড়াইল
০৬ অক্টোবর ২০২৬


নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন দেবদুন গ্রামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার (৫ অক্টোবর) রাত ১১টার দিকে।  কয়েকজন লোক  নিজ বাড়ি থেকে তাকে ডেকে বাইরে নিয়ে যাওয়ার পর এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম নুর আরাফাত মোল্যা (৩৪)। তিনি ওই গ্রামের মোকিদুল মোল্যার ছেলে। নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী জানান, ভুক্তভোগীর সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে জমিজমা ও মাদক ব্যবসা নিয়ে বিরোধ চলে আসছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

পরিবারের লোকজন জানায়, ঘটনার সময় নারী সদস্যরা তাকে বাঁচাতে এগিয়ে গেলে হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয় এবং মারধর করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নুর আরাফাতকে উদ্ধার করে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ হত্যাকাণ্ডের পর থেকে দেবদুন গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর