নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক কিশোর আত্মহত্যা করেছে। প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় এবং তার সঙ্গে চলমান সম্পর্ক ছিন্ন করার পর এ ঘটনা ঘটায় সে। তার নাম মহসিন আল নাঈম (১৭)। সে দুর্গাপুরের সাধুপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে।
পুলিশ ও নাঈমের পারিবারিক সূত্র জানায়, স্থানীয় এক ইউপি সদস্যের মাদরাসা পড়ুয়া মেয়ের সাথে নাঈমের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তাদের দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিয়ের বিষয়টি এখনই সম্ভব ছিল না। এরমধ্যে মেয়েটির পরিবার তার অন্যত্র বিয়ে ঠিক করে।
এদিকে সোমবার বিয়ের বাজার করার সময় দুর্গাপুরে ওই কিশোরের সাথে মেয়েটির দেখা হয়। সেখানে মেয়েটি তার সঙ্গে চলমান সম্পর্ক সরাসরি ছিন্ন করে। এ ঘটনায় নাঈম মানসিকভাবে ভেঙে পড়ে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ নাঈমের মায়ের বরাত দিয়ে বলেন, বাড়িতে ফিরে নাঈম তার মাকে সব ঘটনা খুলে বলে। পরে সে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপর গলায় প্লাস্টিকের রশি পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়।
ওসি বলেন, পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে রাত ১২টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ রাতেই হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নাঈমের মা মারুফা আক্তার এ ঘটনার জন্য প্রেমিকা ও তার বাবাকে দায়ী করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। পুলিশ জানায়, এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বিডি২৪অনলাইন/সি/এমকে