দেশে চলমান গ্যাস সংকট কাটিয়ে পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ আশা প্রকাশ করেন তিনি।
গ্যাসের
সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন,
সম্প্রতি ক্ষতিগ্রস্ত এফএসআরইউ মেরামত করা হয়েছে। তবে বর্তমানে গ্যাসের যে কার্গো রয়েছে,
সেটির সরবরাহে কিছুটা সমস্যা হচ্ছে।
এফএসআরইউতে দুর্ঘটনার কারণে কয়েক দিনের সংকট তৈরি হওয়া অনিবার্য ছিল বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। জানান, একইসঙ্গে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়েছে।
সরকারের ব্যবস্থাপনায় কিছু অদক্ষতা বা সমস্যা থাকতে পারে বলে জানান জাহেদ উর রহমান। বলেন, সেগুলো সরকার খতিয়ে দেখছে। কোথাও অনিয়মের তথ্য সামনে এলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি দায়িত্বে থাকা কর্মকর্তাদের বদলি করে নতুন লোক দায়িত্ব দেওয়ার কথাও জানান তিনি।
বর্তমান
সংকটকে বৈশ্বিক পরিস্থিতি, দীর্ঘদিনের দেশীয় জ্বালানি ব্যবস্থাপনার ঘাটতি এবং ক্রমবর্ধমান অর্থনীতির বাড়তি চাহিদার সম্মিলিত ফল হিসেবে দেখার
আহ্বান জানান প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে