৬টি নতুন এবং ৪টি সংশোধিত মিলে ১০টি প্রকল্প অনুমোদন হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে মোট ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা।
বুধবার (১৯ আগস্ট) একনেক বৈঠক শেষে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ নিয়ে বিস্তারিত জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী। এসব প্রকল্প বাস্তবায়নে যে ব্যয় ধরা হয়েছে, তার মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে সংস্থান করা হবে ৮৪৪ কোটি ৮৭ লাখ টাকা।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনা প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ প্রকল্প এবং ১০টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য ১৯টি আধুনিক হোস্টেল ভবন নির্মাণ কাজ। সড়ক ও জনপথ অধিদপ্তরের সেতুসমূহের আধুনিক রক্ষণাবেক্ষণ প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত একটি প্রকল্প, লালমনিরহাট সদর উপজেলাকে ধরলা নদীর ভাঙন থেকে রক্ষা এবং চট্টগ্রামের সীতাকুণ্ডের উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ সংক্রান্ত দুটি প্রকল্প, গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্প এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সক্ষমতা জোরদারকরণ প্রকল্প।
এছাড়া জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ প্রকল্প এবং রামু সেনানিবাসের অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদনের তালিকায় রয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে