সরকারিভাবে দেশের অর্থবছরের সময়সীমা পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। ২০২৮-২৯ অর্থবছর থেকে অর্থবছরের সময়সীমা হবে এপ্রিল-মার্চ পর্যন্ত।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ২০২৭-২৮ অর্থবছরকে নয় মাসের ট্রানজিশনাল অর্থবছর হিসেবে গণ্য হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ১ জুলাই থেকে ৩০ জুন অর্থবছর হিসাব করা হয়। ফলে বর্ষাকালে (জুলাই-আগস্ট) অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান থাকে। এতে কাজ দীর্ঘায়িত হয়, কাজের গুণগতমান ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়।
নতুন সময়সীমা অনুযায়ী এপ্রিল-মার্চ সময়কে অর্থবছর হিসেবে ব্যবহার করা হলে বর্ষার আগেই অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।
বিডি২৪অনলাইন/এমই/এমকে