রাজশাহীতে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা। শনিবার (২৫ জুলাই) নগরীর রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার সংলগ্ন নজরুল ভিলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি, বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
রাজশাহী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে এ মেলায় ৫২টি স্টলে বিভিন্ন প্রজাতির গাছ প্রদর্শন ও বিক্রি হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহী বৃক্ষরোপণ ও স্বাস্থ্যসেবায় দেশের অন্যতম সফল অঞ্চল। এ সাফল্য ধরে রাখতে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। পরিকল্পিত নগরায়নের পাশাপাশি লাগানো গাছের যথাযথ পরিচর্যার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ, পুলিশ সুপার নাইমুল হাসান, আরএমপি কমিশনার মো. ফয়েজুল কবির, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান প্রমুখ।
রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, আগামী এক বছরে রাজশাহী সিটি করপোরেশন ২ লাখ ৫০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে। এরই মধ্যে প্রথম পর্যায়ে প্রায় এক লাখ গাছের চারা রোপণের কার্যক্রম শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে