রাজশাহী মহানগরীর ষষ্ঠীতলা এলাকায় মুন (৩৮) নামের এক গার্মেন্টস ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। তার স্ত্রীর কথায়, “আমার স্বামীকে মেরে ফেলা হয়েছে। তাকে এক গ্লাস পানিও খেতে দেওয়া হয়নি।”
বৃহস্পতিবার (১১ জুন) বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন মহানগরীর ষষ্ঠীতলা এলাকার মৃত আব্দুল সালামের ছেলে এবং নিউ মার্কেট এলাকার মুন গার্মেন্টসের স্বত্বাধিকারী ছিলেন। সংসারে তার স্ত্রী, দুই কন্যাসন্তান রয়েছে।
মুনের মৃত্যু সম্পর্কে তার ছোট ভাই সানি জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মুন ও তার স্ত্রী একসঙ্গে বাজারে যান। প্রায় এক ঘণ্টা পর বাড়িতে ফিরে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুনের খালাতো ভাই সজিব বলেন, সকালে বাসার ছাদে ছাগলকে খাবার দেওয়ার পর প্রচণ্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মুনের পরিবারে দীর্ঘদিন ধরে জমিজমা ও ব্যবসা সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে বাড়ি থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শোনার পর এলাকাবাসী জড়ো হয়। পরে জানতে পারেন মুনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে