বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও প্রথমবারের মতো ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে দেশের অর্থনীতি। খাতভিত্তিক হিসাবে কৃষি ও সেবা খাত জিডির এ প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা প্রবৃদ্ধি ৪ শতাংশের নিচে থাকার পূর্বাভাস দিলেও প্রাথমিক হিসাবে সেটা ছাড়িয়ে গেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রাথমিক হিসাব অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশের জিডিপির আকার দাঁড়িয়েছে ৫০১ বিলিয়ন ডলার। এক বছর আগে আকার ছিল ৪৫৬ বিলিয়ন ডলার। এক বছরের ব্যবধানে অর্থনীতির আকার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বিবিএসের তথ্যমতে, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ। আগের অর্থবছরে এটা ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ। চলতি অর্থবছরে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৭৮ শতাংশ এবং সেবা খাতে ৪ দশমিক ৫৯ শতাংশ। অন্যদিকে শিল্প খাতের প্রবৃদ্ধি কিছুটা কমে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২ দশমিক ৮৬ শতাংশ। আগের অর্থবছরে এ খাতে প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৭১ শতাংশ। রপ্তানি প্রবৃদ্ধি শ্লথ হওয়া এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ায় এ খাতের প্রবৃদ্ধিতে প্রভাব পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট অনেকেই।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে