দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রণ হবে না। সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই বাংলাদেশ থেকে মুছে দিবে সরকার। এছাড়া আমদানিনির্ভর পণ্য স্থিতিশীল রাখতে দেশের পুরো সরবরাহ ব্যবস্থা এআই মডেলে অন্তর্ভুক্ত করা হবে। এতে বাজার নজরদারি সহজ হবে, স্থিতিশীল থাকবে বাজার পরিস্থিতি।
শনিবার সিলেট নগরীর টিলাগড় এলাকায় দেশের প্রথম সরাসরি কৃষকদের বিক্রয় কেন্দ্র ‘কৃষকের হাট’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ হাটের মাধ্যমে চাষিরা সরাসরি ভোক্তার কাছে তার উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবেন, এতে বাজারে স্বস্তি ফিরবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, উৎপাদক থেকে ভোক্তার কাছে পৌঁছাতে অনেক সময় কৃষিপণ্য চার থেকে পাঁচবার হাতবদল হয়। এতে অযৌক্তিকভাবে দাম বেড়ে যায়। ‘কৃষকের হাট’ এ মধ্যবর্তী স্তর কমিয়ে কৃষক ও ভোক্তা উভয়ের জন্যই একটি ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি করবে। কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে স্বস্তি আসবে।
শনিবার সকালে সিলেট নগরীর টিলাগড় এলাকায় দেশের প্রথম সরাসরি কৃষকদের বিক্রয় কেন্দ্র ‘কৃষকের হাট’ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
কৃষক যাতে তার উৎপন্ন পণ্য সপ্তাহে একদিন হলেও সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করতে পারেন সে বিষয়ে প্রত্যেক জেলায় জেলা প্রশাসক ব্যবস্থা নিবেন বলেও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্ধারিত স্থানে সপ্তাহে নির্দিষ্ট দিনে এ হাট বসবে। এ হাটে প্রশাসনের নজরদারির কারণে কোনো ধরনের চাঁদাবাজি বা অপ্রত্যাশিত খরচের সুযোগ থাকবে না।
বিডি২৪অনলাইন/ ইএম/এমকে