দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে স্পষ্ট করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সেই সঙ্গে বলেছেন, আপাতত জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্তও নেই।
মঙ্গলবার (১০ মার্চ) ঢাকায় সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দেশের জ্বালানি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রমজান ও ঈদকে নির্বিঘ্ন করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। সাম্প্রতিক পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল ও প্রাইভেট যানবাহনের দীর্ঘ লাইন মূলত মানুষের উদ্বেগ ও আতঙ্কের কারণেই সৃষ্টি হয়েছে। পেট্রোল পাম্পে যে লম্বা লাইন, সেটা মূলত মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির। এ ধরনের যানবাহনের প্রধান জ্বালানি হচ্ছে অকটেন ও পেট্রোল, এ দুই ধরনের জ্বালানির কোনো ঘাটতি নেই।
জ্বালানি পাওয়া যাবে না— এমন আশঙ্কা এবং দাম বাড়তে পারে— এমন উদ্বেগ থেকেই আগেভাগে জ্বালানি নেওয়ার চেষ্টা করছেন অনেক মানুষ। ফলে পাম্পগুলোতে ভিড় তৈরি হচ্ছে বলে জানান অনিন্দ্য ইসলাম ।
জ্বালানি সরবরাহ পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, প্রায় ৩০ হাজার টন জ্বালানি নিয়ে গতকাল দুটি জাহাজ আসার কথা ছিল। এর মধ্যে একটি পৌঁছেছে এবং আরেকটি আউটার অ্যাঙ্করেজে রয়েছে। এছাড়া ১২ তারিখে আরও একটি জাহাজ আসার কথা রয়েছে।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে