বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের কয়েকদিনের মাথায় বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের ধারাবাহিক বিক্ষোভের মুখে গভনর্র ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে দিয়ে নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়। নিয়োগ দেওয়ার পরই নতুন গভর্নরকে নিয়ে আলোচনা চলছে দেশজুড়ে।
আগামী ৪ বছরের জন্য রপ্তানিমুখী প্রতিষ্ঠান হেরা সোয়েটার্স লিমিটেডের মালিক মোস্তাকুর রহমানকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশ ব্যাংক-সংক্রান্ত বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন।
মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে প্রথমবারের মতো একজন ব্যবসায়ীকে গভর্নর পদে নিয়োগ দিল সরকার। এর আগে অর্থনীতিবিদ বা আমলাদের মধ্য থেকে গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্বের কোনো দেশে কোনো ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ দেওয়ার নজির পাওয়া যায়নি।
মোস্তাকুর রহমান স্বল্প পরিচিত একজন ব্যবসায়ী। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া রিয়েল এস্টেট ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব, ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাব, ঢাকার শিল্প ও ব্যবসায়ীদের সংগঠন ডিসিসিআইর পর্ষদসহ গুরুত্বপূর্ণ কমিটির সদস্য ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে বি.কম (অনার্স) এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৯২ সালে আইসিএমএবি থেকে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) সম্পন্ন করেন। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়।
জানা গেছে, হেরা সোয়েটার্স লিমিটেড বেসরকারি খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ঋণগ্রহীতা। গত বছরের ২৯ এপ্রিল মাত্র ২ শতাংশ ডাউনপেমেন্ট দিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ঋণ পুনঃতপশিল চেয়ে আবেদন করেন তিনি। এতে হেরা সোয়েটার্সের ৮৯ কোটি দুই লাখ টাকার ঋণ দুই বছরের গ্রেস পিরিয়ডসহ ১৫ বছরের জন্য পুনঃতপশিল চাওয়া হয়। তবে এক বছরের গ্রেস পিরিয়ডসহ ১০ বছরের জন্য পুনঃতপশিল অনুমোদন করে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে এ প্রতিষ্ঠানের ৮৬ কোটি টাকা ঋণ স্থিতি রয়েছে।
এদিকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আদেশে বলা হয়– মো. মোস্তাকুর রহমান এফসিএমএকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো। একই আদেশে ২০২৪ সালের ১৩ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া ড. আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়।
ওদিকে ব্যাংকিং খাতে আস্থা বাড়ানো ও সুদের হার কমানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। একটি অনলাইন সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘জানেনই তো অর্থনীতির অবস্থা, ব্যাংকিং খাতের অবস্থা। তাই এ সময়টায় এ দায়িত্ব নিয়ে কাজ করায় তো একটা চ্যালেঞ্জ। আগে দায়িত্ব নিই। সবার সঙ্গে আলোচনা করি। আশা করি, সবার সহযোগিতা নিয়ে প্রধান কাজটা হবে আগে ব্যাংকিং খাতে আস্থা তৈরি করা। আরও শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা। নিশ্চয়ই আগের গভর্নর (আহসান এইচ মনসুর) অনেকখানি নিয়ে আসছেন, আরও নিয়ে আসা।’
মোস্তাকুর রহমান বলেন, ‘আরেকটা বিষয় হচ্ছে, আমাদের যেটা প্রধান গুরুত্ব, প্রবৃদ্ধিকে লক্ষ্য করে অর্থনীতিকে যতটুকু রান করা যায়। আপনি জানেন, ঋণের প্রবৃদ্ধি কমে আসছে। এ জন্য সুদের হার কমায়ে নিয়ে আসা।’
বিডি২৪অনলাইন/ইএম/এমকে