রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারী ২০২৬


আওয়ামী লীগ সরকারের সময় দেশে শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বন্ধ শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৯৭টি। এরপর হালনাগাদ কোনো পরিসংখ্যান সরকারের তরফে প্রকাশ করা না হলেও গত দুই বছরে সংখ্যা আরও বেড়েছে। দেশে নতুন সরকার গঠন করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। রুগ্ন বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা বিএনপির একটি নির্বাচনী প্রতিশ্রুতি। দায়িত্ব গ্রহণের অল্পদিনের মাথায় বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে রুগ্ন বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেসরকারি উদ্যোক্তারা উদ্যোগের সঙ্গে কীভাবে যুক্ত হবেন, মালিকানা বা অংশীদারত্বের ধরন কেমন হবে- সেসব বিষয় এখনো চূড়ান্ত হয়নি।

রুগ্ন বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়ার বিষয়টি মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, রুগ্ন বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়েছে, রুগ্ন বন্ধ পাটকল চিনিকলগুলো খুলে দিয়ে সেখানে পুরাতন শ্রমিকদের বহাল রেখে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। খবর বাসস

 

জানা গেছে, ৩৯৭টি বন্ধ শিল্প প্রতিষ্ঠানের মধ্যে বিসিকের নিয়ন্ত্রণাধীন রুগ্ন/বন্ধ শিল্প ৩৮২টি, বিসিআইসির নিয়ন্ত্রণাধীন ৫টি, বিএসএফআইসির নিয়ন্ত্রণাধীন ৫টি চিনিকল এবং বিএসইসি ৪টি কারখানা রয়েছে। এ পরিসংখ্যান বিগত আওয়ামী লীগ সরকারের সময় ২০২৪ সালের জুন মাসে সবশেষ সংসদকে জানানো হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কর্মসংস্থান তৈরির নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বন্ধ রুগ্ন শিল্প কারখানাগুলো খুলে দেওয়ার উদ্যোগ নিতে বলেছেন তিনি। এ ব্যাপারে শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি কাজ শুরু করছে।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর