৭ শতাংশে নাম‌বে মূল্যস্ফীতি

নিজস্ব প্রতিবেদক
০৪ জুন ২০২৫


পতিত শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া ঊর্ধ্বমুখীর মূল্যস্ফীতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর মূল্যস্ফীতি  কমতে শুরু করেছে। আগামী জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফী‌তি ৭ শতাংশ নেমে আসবে বলে আশা করা হচ্ছে।

গেল মঙ্গলবার (৩ জুন) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফী‌তি ৭ শতাংশ নেমে আসার কথা জানান গভর্নর আহসান এইচ মনসুর। মূল্যস্ফীত কমলে সুদহারও কমানো হবে বলেও জানান তিনি। 

মূল্যস্ফীতির পরিসংখ্যান তুলে ধরে গভর্নর বলেন, খাদ্য মূল্যস্ফী‌তি সাড়ে ১৪ শতাংশ ছিল। সেখান থেকে কমে এখন সাড়ে ৮ শতাং‌শে এসে‌ছে। খাদ্যব‌হির্ভূত মূল্যস্ফী‌তি একটু বে‌শি থাকলেও কম‌ছে, এখন ১০ শতাংশের নি‌চে আছে।

বিশ্ববাজা‌রে খাদ্য তেল-গ্যাসের দর ক‌মতির দি‌কে বলেও জানান গভর্নর। বলেন, এর সুফল পা‌ওয়া যাবে। এ ছাড়া মুদ্রানীতি সংকোচনমূলক করা হয়েছে।

এক্সচেঞ্জ রেট মূল্যস্ফী‌তির বড় চ্যালেঞ্জ ছিল উল্লেখ করে গভর্নর বলেন, এটা কমাতে না পারলে জিনিসপত্রের দাম বাড়ত। এক্সচেঞ্জ রেট বাজারের ওপর ছেড়ে দেওয়ার পরও পরিবর্তন তেমনটা হয়নি। এতে  আস্থা এসেছে, স্বস্তিতে এসেছে। মূল্যস্ফী‌তি একটি ভালো জায়গায় যাচ্ছে বলেও জানান তিনি।

সংবাদ স‌ম্মেল‌নে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, শিক্ষা ও প‌রিকল্পনা উপ‌দেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিদ্যুৎ জ্বালানি সড়ক সেতু ও রেলপথ উপ‌দেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাণিজ্য, বিমান এবং বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন

 

 

বিডি২৪অনলাইন/এনই/এমকে



মন্তব্য
জেলার খবর