৮০ শতাংশ বেড়েছে রেমিট্যান্স প্রবাহ

নিজস্ব প্রতিবেদক
০২ অক্টোবর ২০২৪

গেল সেপ্টেম্বর মাসে দেশে ব্যাংকিং চ্যানেলে ২৪০ কোটি ৪৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। একক মাস হিসাবে গতবারের তুলনায় এ বছরের সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৮০.২ শতাংশ। তাছাড়া  গত সেপ্টেম্বরে আসা রেমিট্যান্স একক মাস হিসেবে গত ৪ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

গত সেপ্টেম্বরে আসা রেমিট্যান্সের ডলারকে বাংলাদেশি মূদ্রায় বিনিময় করলে টাকার অঙ্ক দাঁড়ায় ২৮ হাজার ৮৫৭ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। গত সেপ্টেম্বরের রেমিট্যান্স সংক্রান্ত তথ্য জানা গেছে মঙ্গলবার (১ অক্টোবর) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে।

প্রাপ্ত তথ্য বলছে, গত সেপ্টেম্বর মাসে গড়ে দৈনিক দেশে রেমিট্যান্স এসেছে আট কোটি ডলার। গত বছরের সেপ্টেম্বরে গড়ে দৈনিক এসেছিল চার কোটি ৪৫ লাখ ডলার। এর আগে গত জুনে ২৫৪ কোটি ডলার এবং ২০২০ সালের জুলাইয়ে ২৫৯ কোটি ৮২ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

তথ্য বলছে, গেল সেপ্টেম্বরে সবচেয়ে বেশি পরিমাণ রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬৫ কোটি ডলার। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৬৩ কোটি ৮৩ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ডলার, এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৬২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) দেশে ৬৫৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।  গত অর্থবছরে এ সময়ে এসেছিল ৪৯০ কোটি ৭০ লাখ ডলার। সেই হিসাবে এ  তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ৩৩.৩ শতাংশ। 

তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্টে  ২২২ কোটি মার্কিন ডলার (২.২২ বিলিয়ন) ও জুলাইয়ে ১৯১ কোটি ৩৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স আসে দেশে।  গত অর্থবছরে দুই হাজার ৩৯২ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ বৈদেশিক আয়। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে, পরিমাণ ছিল দুই হাজার ৪৭৭ কোটি ডলার।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর