ভয় পাওয়ার কিছু নেই

নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর ২০২৬


শেখ হাসিনার দেশে ফেরা ইস্যূতে ডিসেম্বরকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নানা ধরনের বক্তব্য ও ঘোষণা ছড়িয়ে পড়ছে। এ নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ারও কিছু নেই, চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানী ঢাকার কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)-এর পদাতিক অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।

লে. কর্নেল মো. হাফিজুর রহমান আরও বলেন- নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি—এ ধরনের কোনো তারিখ নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই। এ ধরনের ঘোষণা দেশের মানুষ আগেও অনেক শুনেছেন। এসব ঘোষণা ও নির্দিষ্ট সময়সীমা আসবে, আবার চলেও যাবে।

শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন প্রসঙ্গে এসআরবি কর্মকর্তা বলেন, কিছুদিন আগে শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপন করেছেন। তাদের এ আন্দোলন যৌক্তিক পর্যায়ে রয়েছে। তিনি জানান, শ্রমিক আন্দোলনের আড়ালে কিছু ব্যক্তি ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতা চালাচ্ছে। এসব ঘটনায় জড়িত উল্লেখযোগ্যসংখ্যক নাশকতাকারী ও তাদের সহযোগীদের ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতার ওপর জোর দেন লে. কর্নেল মো. হাফিজুর রহমান। তিনি বলেন, অনেক ক্ষেত্রে সাহসী সাধারণ মানুষ নিজেরাই নাশকতাকারীদের আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এ ক্ষেত্রে  স্থানীয় সাধারণ মানুষের ভূমিকা প্রশংসনীয়। এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে হবে। কোথাও কোনো নাশকতার তথ্য পাওয়া গেলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। জনগণের সহযোগিতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকলে এ ধরনের নাশকতা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলেও মনে করছেন তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর