দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে চূড়ান্ত ঐকমত্যে পৌঁছাতে পারেনি মালিক ও শ্রমিক পক্ষ। সর্বনিম্ন মজুরি মালিক পক্ষ ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিলেও ২২ হাজার টাকার দাবিতে অনড় রয়েছে শ্রমিকপক্ষ ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানী ঢাকার সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে চতুর্থ বোর্ড সভা হয়। সেখানে দুই পক্ষের ন্যূনতম মুজরি সংক্রান্ত প্রস্তাব নিয়ে আলোচনা ও পযালোচনা হয়।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভায় মালিক পক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা দেওয়ার আগ্রহ দেখালেও আজকের সভায় ১৫ হাজার ৭০০ টাকার লিখিত প্রস্তাব উপস্থাপন করে। অন্যদিকে, শ্রমিকপক্ষ তাদের প্রাথমিক ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকার প্রস্তাব দেয়। মঙ্গলবারের সভাতেও সেই অবস্থানেই অটল থাকে তারা।
দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ৬ হাজার ৩০০ টাকার বড় ব্যবধান থাকায় শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা মুলতবি করা হয়। তবে উভয় পক্ষই নিজেদের প্রস্তাবগুলো আরও পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে বলে জানা গেছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে