মাত্র ২০ টাকার টোলের জন্য প্রাণ গেল জুলাইযোদ্ধার

পলাশ পাল, নেত্রকোনা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৬


নেত্রকোনার মদনে মাত্র ২০ টাকা পরিবহন টোল আদায়কে কেন্দ্র করে বিরোধের জেরে আব্দুল বারেক (৭০) নামে এক জুলাইযোদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মদন-কেন্দুয়া সড়কের চানগাঁও ইউনিয়নের চকপাড়া এলাকার মোড়লবাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত টোল আদায়কারী আতিকুল ইসলাম (১৯) কে আটক করেছে পুলিশ।

আব্দুল বারেক মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। তিনি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে একটি চোখ হারিয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, মদন পৌরসভার যানবাহন থেকে টোল আদায়ের ইজারা নিয়েছেন মুফতি রায়হান আহমেদ। তার পক্ষে টোল আদায়ের দায়িত্বে ছিলেন বাড়িভাদেরা গ্রামের আব্দুর রশিদের ছেলে আতিকুল ইসলাম। সোমবার ময়মনসিংহ থেকে চিকিৎসা শেষে একটি সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন আব্দুল বারেক। পথে চকপাড়া মোড়লবাড়ি এলাকায় ওই অটোরিকশা থেকে ২০ টাকা টোল দাবি করেন আতিকুল।

টোলের টাকা পরিশোধ ও অবশিষ্ট টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে একপর্যায়ে সিএনজিচালক, টোল আদায়কারী ও যাত্রীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মারামারির ঘটনা ঘটে। এ সময় আব্দুল বারেক আহত হন। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরী) আসনের সংসদ সদস্যের নির্দেশে পুলিশ অভিযুক্ত আতিকুল ইসলামকে আটক করে। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।  মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে বাবার মৃত্যুর ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নিহতের ছেলে শফিকুল। তিনি বলেন, “আমি আমার বাবার হত্যাকারীর ফাঁসি চাই।”

অন্যদিকে, এ ঘটনা ঘিরে পৌরসভার টোল আদায়ের নিয়ম ও নির্ধারিত সীমানা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মদন পৌরসভার সীমানার বাইরেও যানবাহন থেকে টোল আদায় করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদিত টোল আদায়ের স্থান, ইজারার শর্ত এবং ঘটনার সময় টোল আদায়ের বৈধতা সম্পর্কে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর