অন্য দেশে সরে যাচ্ছে অর্ডার

নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২৬


দেশের তৈরি পোশাকখাতের চলমান অস্থিরতার প্রভাবে এ শিল্পে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। নভেম্বরের প্রথম ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানায় উৎপাদন ক্ষতি হয়েছে প্রায় ৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। শুধু তাই নয়, এই সময়ে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ১৫৪ কোটি ৩ লাখ টাকা প্রায়) নিশ্চিত অর্ডার (ক্রয়াদেশ) অন্য দেশে সরিয়ে নিয়েছেন  বিদেশি ক্রেতারা।  উৎপাদন ক্ষতির পাশাপাশি সময়মতো পণ্য জাহাজীকরণ করতে না পারায় এখন ঝুঁকির মুখে অধিকাংশ ক্রয়াদেশ। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে  ৩১৭টি সদস্য কারখানার তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

বিজিএমইএর জরিপ বলছে, এই অস্থিরতার কারণে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে কারখানাগুলো। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সময়মতো পণ্য রপ্তানি করতে না পারায় অর্ডার ধরে রাখাও কঠিন হয়ে পড়েছে। কিছু ক্ষেত্রে সরাসরি ক্রয়াদেশ বাতিলের চাপও তৈরি হয়েছে।

বিজিএমইএ জানিয়েছে, এমন পরিস্থিতিতে ক্রয়াদেশ ধরে রাখতে বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠাতে হচ্ছে। কোথাও কোথাও ক্রেতাদের বড় অঙ্কের মূল্যছাড়ও দিতে হচ্ছে।

জরিপে উঠে আসা ক্ষতির পরিমাণ দেশের পোশাকশিল্পের প্রকৃত ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র নয় বলে জানিয়েছে বিজিএমই। সংগঠনটির হিসাবে, এই অস্থিরতায় ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬ শতাধিক। স্বল্প সময়ের মধ্যে পরিচালিত জরিপে এর অর্ধেকের কিছু বেশি, মাত্র ৩১৭টি কারখানা চিত্র উঠে এসেছে। ফলে প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে।

এদিকে বিজিএমইএর  এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান সংকটের প্রভাব  আর্থিক ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নেই। বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক শিল্পের ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ সম্ভাবনার ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে। অন্য দেশে বায়ারদের অর্ডার সরিয়ে নেওয়ার ঘটনা এ পরিস্থিতিরই প্রতিফলন।

 

বিজিএমইএ বলছে, আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের কাছে সময়মতো পণ্য সরবরাহ করা পোশাকশিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটলে বিকল্প দেশ থেকে পণ্য সংগ্রহের সিদ্ধান্ত নিয়ে থাকেন ক্রেতারা। একবার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেলে তা আবার ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়ে।

এমন পরিস্থিতি থেকে উত্তোরণে দেশের অর্থনীতি ও লাখ লাখ পোশাকশ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে দ্রুত সংকট কাটিয়ে ওঠার দাবি জানিয়েছ বিজিএমইএ।


মন্তব্য
জেলার খবর