নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া বাজারে তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাশাপাশি গুদাম সংলগ্ন দুটি দোকানঘর পুড়ে গেছে। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
রোববার (২২ নভেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে তুলা, কাপড়, লেপ-তোশক তৈরির মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন উপজেলার রানীচাপুর গ্রামের মহাজউদ্দিনের ছেলে রবিউল মিয়া এবং সুরুজ আলী মিয়ার ছেলে ফিরোজ মিয়া।
ব্যবসায়ী রবিউল মিয়া জানান, তার তুলার গুদামে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তিনি জানেন না। রাস্তা দিয়ে যাওয়ার সময় গুদামে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। পরে গুদামের তালা খুলে ভেতরে আগুন জ্বলতে দেখেন। আগুনে তার গুদামে থাকা প্রায় ১২০ বস্তা তুলা, ১৫০ বান্ডিল কাপড় এবং লেপ-তোশক তৈরির মেশিন পুড়ে গেছে। এতে তার প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, আগুন পাশের ব্যবসায়ী ফিরোজ মিয়ার দোকানেও ছড়িয়ে পড়ে। এতে ওই দোকানে থাকা তুলা, মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। ফিরোজ মিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে রবিউল মিয়ার দাবি, ফিরোজ মিয়ার দোকানে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়দের ধারণা, বিড়ি-সিগারেটের জ্বলন্ত অংশ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। প্রাথমিকভাবে পাশের দোকান থেকে আগুনের সূত্রপাতের কথা বলা হলেও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে লেপসিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় পুলিশ সদস্যরা ঘটনাস্থলের নিরাপত্তা নিশ্চিত করেন বলে জানান ফাঁড়ির ইনচার্জ।
এ
বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে সরকারি সহায়তার ব্যবস্থা করার চেষ্টা করা হবে।
বিডি২৪অনলাইন/সি/এমকে